দ্বিতীয় প্রান্তিকে নিজেদের মুনাফা ২৫ শতাংশ কমে আসবে বলে আশংকা করছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। স্মার্টফোনের বিক্রিতে ভাটা পড়া এবং কোরিয়ান মুদ্রাস্ফীতির কারণেই এমনটা হবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জুলাই ২০১৩ থেকে এই বছরের জুনের মধ্যে কোরিয়ান মুদ্রা ওনের মূল্য মার্কিন ডলারের তুলনায় ১১ শতাংশ এবং ইউরোর তুলনায় প্রায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্যামসাংয়ের মুনাফার গুরুত্বপূর্ণ একটি অংশ নির্ভর করে রপ্তানি বাণিজ্যর উপর। কিন্তু কোরিয়ান মুদ্রা ওনের মান বেড়ে যাওয়াতে রপ্তানি বাণিজ্য থেকে আগের মতো মুনাফা করতে পারছে না প্রতিষ্ঠানটি।

২০১৩ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালনা মুনাফা ছিল প্রায় সাড়ে নয়শ’ কোটি ডলার। কিন্তু এই বছর একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালনা মুনাফা কমে সাতশ’ দশ কোটি ডলারে নেমে এসেছে।

স্যামসাং জানিয়েছে, তারা স্মার্টফোন বাজার সম্প্রসারিত হতে দেখছে এবং চীনা এবং ইউরোপিয়ান বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। ফলে তাদের স্মার্টফোন বিক্রিও আগের তুলনায় কমে এসেছে।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই