ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস ইন লওয়েল-এর সাইবার ফরেনসিক বিশেষজ্ঞরা গুগল গ্লাসের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেটের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার পদ্ধতি বের করেছেন।
তাদের বের করা পদ্ধতিতে দশ ফিট দূর থেকেও স্ক্রিনের দিকে না তাকিয়ে পাসওয়ার্ড চুরি করা সম্ভব।

সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার জন্য নিরাপত্তা গবেষকরা একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছেন।
সফটওয়্যারটি ট্যাবলেটে বা স্মার্টফোনে পাসকোড দেয়ার সময় ব্যবহারকারীর আঙুলের নড়াচড়া ম্যাপিং করে। পরবর্তীতে সফটওয়্যারের অ্যালগরিদমের মাধ্যমে ম্যাপিং থেকে কোন কোন ‘কি’ চাপা হয়েছে তা জেনে পাসওয়ার্ড বের করা সম্ভব হয়।

গবেষকরা গুগলের নেক্সাস ৭ ট্যাবলেট এবং অ্যাপলের আইফোন ৫ ও আইপ্যাডে সফটওয়্যারটি গুগল গ্লাসের মাধ্যমে ব্যবহার করেছেন এবং সেগুলোর পাসওয়ার্ড বের করতে পেরেছেন।
“এই ভাবে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও বের করা সম্ভব।”--বলেন গবেষক জিনওয়েন ফু। গুগল গ্লাস এই ধরনের দুর্বলতা ভেদ করে তথ্য হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করতে সক্ষম।

তবে এ আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়টাও বাতলে দিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, এখানে প্রধান সমস্যা হচ্ছে ‘অ্যাঙ্গেল’। প্রায় সব ডিভাইসেরই ‘কি’ একইভাবে সেট করা থাকে। যেমন ১, ২, ৩। আর এ দুর্বলতাটাকেই কাজে লাগিয়েই ম্যাপিং করে থাকে সফটওয়্যারের অ্যালগরিদম। যদি নম্বরগুলো পরপর না রেখে অগোছালোভাবে সেট করে রাখা হয় তাহলে ম্যাপিং করতে পারলেও সফটওয়্যারটি সঠিক পাসওয়ার্ড বের করতে পারবে না।

গবেষণাটি আগামী মাসের ব্ল্যাক হ্যাট সাইবারসিকিউরিটি কনফারেন্সে উপস্থাপন করা হবে বলেই জানিয়েছেন গবেষকরা।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই