সোশাল মিডিয়া গুগল+ এর ফটোস ফিচারটি শিগগিরি স্বতন্ত্র সেবায় পরিণত হচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সাইটটির প্রতিবেদন অনুসারে, নতুন ইউজার আকৃষ্ট করতেই ওয়েব জায়ান্ট গুগল এই পদক্ষেপ নিয়েছে।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ফটো ফিচার স্বতন্ত্র সেবায় পরিণত হলে গুগল ব্যবহারকারীদের ছবি সেইভ ও শেয়ারের জন্য আর গুগল+ অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।

ধারণা করা হচ্ছে, ফটোস-এর নিজস্ব অ্যাপ থাকবে এবং অ্যাপটির পোর্টাল গুগল+ পোর্টাল থেকে আলাদা হবে।
সরাসরি ব্লুমবার্গের প্রতিবেদন নিশ্চিত না করলেও এই প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র বলেন, “আমরা মানুষের জন্য প্রতিনিয়তই নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করছি, যাতে সবাই ইচ্ছেমতো ছবি তুলে শেয়ার করতে পারেন।”

গুগল+ এর অন্যতম শক্তিশালী ফিচার হচ্ছে ফটোস। এই সেবাটির মাধ্যমেই গুগল প্রথম বিশ্ববাসীকে মোবাইলের ফটো ও ভিডিও’র স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধার দিয়েছিল।

২০১৩ সালে গুগল+ এর সাবেক প্রধান ভিক গান্ড্রোট্রা ফিচারটির বেশ কিছু নতুন আপগ্রেড ছেড়েছিলেন। সেগুলোর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ছবি গোছানো, টাচ আপ এবং ছবি থেকে জিফ তৈরি করে তা সেবাটিতে সেইভ করার মতো সুবিধাও ছিল।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই