একাধিক মডেলের আইওয়াচ তৈরি করছে টেক জায়ান্ট অ্যাপল। সম্প্রতি সুইস ঘড়ি নির্মাতা ট্যাগ হয়্যারের সেলস অ্যান্ড রিটেইল প্রধান প্যাট্রিক প্রুনিয়াক্স মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর এমনটাই শোনা যাচ্ছে প্রযুক্তি বাজারে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিলাসবহুল ঘড়ি টাগ হয়্যারের সেলস ও রিটেইল বিভাগের প্রধান প্যাট্রিক প্রুনিয়াক্সকে নিয়োগ করে অ্যাপল। হঠাৎ করেই প্রুনিয়াক্সকে নিয়োগের কোনো কারণ ব্যাখ্যা করেনি মার্কিন প্রতিষ্ঠানটি। ওই ঘটনার সূত্র ধরেই প্রযুক্তি বাজারে এখন একাধিক মডেলের আইওয়াচের জোর গুঞ্জন।
ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, শুধু ডিভাইসপ্রেমীদের জন্যই নয়, সাধারণ ঘড়ি ব্যবহারকারীদের জন্যও আকর্ষণীয় হবে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইওয়াচ। মোবাইলের কারণে যারা ঘড়ি ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন তাদেরও ঘড়ি ব্যবহারে আগ্রহী করে তুলবে ডিভিইসটি। শুধু অ্যাপল স্টোরে নয়, অন্যান্য বিলাসবহুল ঘড়ির দোকানগুলোতেও বিক্রি হবে আইওয়াচ।
নতুন নিয়োগের আগে লাক্সারি ফ্যাশন হাউজ বারবারির সিইও এঞ্জেলা আওরেন্ডস ও সেইন্ট লরেন্স প্যারিসের প্রধান পল ডেনেভকে নিয়োগ করে অ্যাপল। আইওয়াচকে ফ্যাশনেবল করে তোলার জন্যই ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মহারথীদের নিয়োগ করেছে অ্যাপল-- মন্তব্য ম্যাশএবলের।
বর্তমানে বাজারে সবচেয়ে ‘ফ্যাশনেবল স্মার্টওয়াচ’ হিসেবে বিবেচনা করা হয় গুগলের মটো ৩৬০ স্মার্টওয়াচকে। তবে এখন পর্যন্ত অ্যাপলের মতো কোনো স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠানই ডিজাইনের বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি বলে মন্তব্য জানিয়েছে ম্যাশএবল।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





