এটিএম সেবা ব্যাংকিং সেক্টরে প্রযুক্তির একটি বড় অংশ। এটিএম-এর ফলে ব্যাংকে না গিয়েই আশেপাশের এটিএম বুথ থেকেই ব্যাংক অ্যাকাউন্টের টাকা তোলা অনেক সহজ হয়ে গেছে এবং তা দিন-রাত যে কোনো সময়ই।
ফলে এটিএম-এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি এক্ষেত্রে জালিয়াতির একটি চক্রও সৃষ্টি হয়েছে। তাই এটিএম থেকে টাকা তোলার সময় কয়েকটা বিষয় খেয়াল রাখা জরুরি।
* এটিএম কার্ডের পিন মাত্র ৪টি সংখ্যার হয়। তাই মনে রাখা সহজ। চেষ্টা করুন এই নম্বরটি মনে রাখতে। অনেকে পিন নম্বরটি লিখে ব্যাগে বা ফোনে রেখে দেন। চেষ্টা করুন এটি এড়িয়ে চলতে। আর যদি লিখে রাখেনও তাহলেও কার্ড আর আপনার লেখা পিন নম্বরটি একই জায়গায় কখনোই রাখবেন না। কারোর হাতে দুটি একসঙ্গে পড়লে অতি সহজই পিন নম্বর ব্যবহার করে আপনার টাকা বের করে নিতে পারে সে।
* এটিএম কার্ডের পিন আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য। এই নম্বরটি কাউকে জানাবেন না, বন্ধু বা পরিবারের কাউকেও না। কার্ডটিও কারোর হাতে দিয়ে দেবেন না ব্যবহারের জন্য। হোটেলে বা দোকানে যখন আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে টাকা মেটাতে যান তখন অনেক সময় কর্মীরা আপনার থেকে কার্ড নিয়ে গিয়ে সোয়াইপ করে কিছুক্ষণ পরে এসে দিয়ে যায়। এক্ষেত্রে তাদের বলুন সোয়াইপ মেশিনটি আপনার কাছে এনে সোয়াইপ করার জন্য।
* এটিএম থেকে টাকা তোলার সময় এটিএম যন্ত্রটির সামনে এমনভাবে দাঁড়ান যাতে কিপ্যাড আপনার শরীর দিয়ে ঢেকে যায়, প্রয়োজনে অন্য হাত দিয়ে ঢেকে পিন নম্বরটি টাইপ করুন, যাতে সিসিটিভি ক্যামেরাতেও আপনার হাতের আঙুল নাড়ানো দেখে পিন নম্বরটি আন্দাজ না করা যায়।
* অনেক সময় এটিএম থেকে টাকা বের করার সময় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অপরিচিত কারোর থেকে সাহায্য চাইবেন না। এমনকি এটিএম-এ কর্তব্যরত নিরাপত্তারক্ষীরও না। আপনার ডেবিট কার্ডটি নিয়ে সোজা ওই ব্যাংকের কাছে চলে যান। সেখানে সমস্যার কথা জানান। আর যদি কার্ডটিই মেশিনে আটকে যায়, তাহলে সেখানেই দাঁড়ান এবং ব্যাংকে ফোন করে আপনার কী করণীয় জানতে চান।
* টাকা তোলা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবেন না। ৩০-৪০ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর ক্যানসেল বোতামটি টিপে এটিএম থেকে বেরিয়ে আসুন। মনে করে আপনার এটিএম কার্ডটি নেবেন। সঙ্গে যদি টাকা তোলা সংক্রান্ত কোনো স্লিপ বেরোয় তা সঙ্গে নিতে পারেন নয়তো তিন চারবার ছিঁড়ে তা ময়লা ফেলার জায়গায় ফেলে চলে আসতে পারেন। তবে না ছিঁড়ে স্লিপটি ফেলবেন না। (তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া)
এমকে





