ক্লাউড স্টোরেজ সার্ভিস ‘আইক্লাউড’-এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এখন আইক্লাউডে ব্যাকআপ হিসেবে রাখা ডেটার ক্ষেত্রেও ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সেবা ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

শতাধিক হলিউডি অভিনেত্রীর নগ্ন ছবি ফাঁস হওয়ার ঘটনায় ‘আইক্লাউড’-এর নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেছে অ্যাপল। বিবিসি জানিয়েছে, প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আইক্লাউডের আইডি এবং পাসওয়ার্ড চুরি করে ব্যকআপ হিসেবে থাকা ডেটা ডাউনলোড করে নিয়েছিল হ্যাকাররা।

সমালোচনার মধ্যেই আইক্লাউড ব্যাকআপের ক্ষেত্রে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সেবা চালু করলো অ্যাপল। তবে ব্যাকআপ ডেটার জন্য বাধ্যতামূলক নয় ‘টু-স্টেপ ভেরিফিকেশন’-এর ব্যবহার।
‘টু-স্টেপ ভেরিফিকেশন’ পদ্ধতিতে অ্যাকাউন্ট অ্যাকসেস করার জন্য আইডি এবং পাসওয়ার্ডের পর চার ডিজিটের একটি ভেরিফিকেশন কোড দিতে হয় ব্যবহারকারীকে। প্রতিবার লগ-ইন করার সময় কোডটি ‘ট্রাস্টেড মোবাইল নাম্বারে’ এসএমএস বা ‘ফাইন্ড মাই ফোন’ অ্যাপের মাধ্যমে পৌঁছে যায় ব্যবহারকারীর কাছে।

এছাড়াও প্রতিবার ব্যাকআপ ডাউনলোড করার সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কাছে মেইল পাঠানোর সেবা চালু করেছে অ্যাপল। ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ফিচার চালু না থাকলেও এই সেবা পাবেন ব্যবহারকারী।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই