সেলফি তোলা থেকে দূরে থাকতে সকলের প্রতি, বিশেষত নারীদের প্রতি আহবান জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক প্রভাবশালী ধর্মীয় নেতা। ফেলিক্স সিয়াউ নামে ঐ ধর্মীয় নেতা সেলফিকে ‘লাম্পট্য’ বলে ঘোষণা করেছেন। সিয়াউ’র টুইটার অ্যাকাউন্টে এই আদেশ ঘোষিত হয়। বুধবার এই খবর প্রকাশ্যে আসে।
সিয়াউ বলেন, যারাই সেলফি তুলছেন তারাই ঔদ্ধত্য, দম্ভ ও লোক দেখানো কর্মকাণ্ডের প্রকাশ ঘটাচ্ছেন। এছাড়া, যে সমস্ত নারীরা সেলফি তোলে তারা ‘নির্লজ্জ’ ও ‘অপবিত্র’ বলেও উল্লেখ করেন তিনি।
অবশ্য, সিয়াউয়ের এই ঘোষণা বিফলেই গেছে। কারণ, এই বিবৃতি প্রকাশের পরই পাল্টা জবাব আসতে শুরু করেছে সিয়াউয়ের বিপক্ষে। তার সেই ট্যুইটার পোস্টেই পাল্টা জবাবের পাশাপাশি দেশটির তরুণ-তরুণীরা আলাদা করে ‘সেলফি ফর সিয়াউ’ হ্যাশট্যাগ দিয়ে সেলফি পোস্ট করছেন। এমনকি তার ঐ পোস্টের জবাবে বেশ কিছু ব্যঙ্গ সেলফিও ছড়িয়ে পড়েছে ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক গণ-মাধ্যমগুলিতে।
সিয়াউয়ের টুইটার অ্যাকাউন্টটির ফলোয়ারের সংখ্যা লাখ খানেকেরও বেশি। সূত্র: কলকাতা২৪।
জেআই





