তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর দেশ গড়তে বদ্ধপরিকর। নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল রুপান্তরের জন্য এবং সমৃদ্ধ দেশ গড়তে আগামীর অভিনব প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
শনিবার রাজধানীর কম্পিউটার কাউন্সিলে আয়োজিত ‘ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রেনরশিপ ইন ডিজিটাল এজ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সেক্টরে আমাদের তথ্য ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের আমলে দেশ তথ্য ও প্রযুক্তির সকল খাতেই এগিয়ে যাচ্ছে।
পলক আরো বলেন, প্রযুক্তি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আজকে যে প্রযুক্তি আছে কাল হয়তো সেই প্রযুক্তি সেকেলে হয়ে যাবে। তাই নিজদের দেশকে প্রযুক্তি খাতে সব সময় এগিয়ে রাখতে আমরা এমআইটির মতো গবেষণা সংস্থার সঙ্গে অধিক মাত্রায় পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তুলতে চাই।
ইনোভেশন ডিজাইন অন্ট্রপ্রেনরশিপ অ্যাকাডেমি (আইডিয়া) প্রকল্পের প্রকৃতি এবং উদ্যোক্তা ও উদ্ভাবকদের উন্নয়নে আরো নানামুখী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন এই অভিনব প্রযুক্তির নেতৃত্বে দিচ্ছে রোবোটিকস, ড্রোন, অটোনোমাস ভেহিকল, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি ও ডিজিটাল ম্যানুফ্যাকচারিং। প্রযুক্তির এ সকল উপ-খাতকে যথাযোগ্যভাবে এগিয়ে দিতে আইসিটি ডিভিশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি আমরা।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- এমআইটির কানেকশন সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড এম শ্রেয়ার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আরা বেগম প্রমুখ।
এমএনজে





