থ্রিডি প্রিন্টারের সাহায্যে ‘হোমানকুলাস’ নীহারিকার একটি মডেল তৈরি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৮০০ সালের মধ্যবর্তী সময়ে সাত হাজার পাঁচশ’ আলোকবর্ষ দূরে অবস্থিত ইটা ক্যারিনা বাইনারি নক্ষত্র প্রক্রিয়ার বিস্ফোরোণের ফলে হোমানকুলাস নেবুলা সৃষ্টি হয়েছিল। এটি মূলত আলো, গ্যাস এবং ধুলার সংমিশ্রণে তৈরি বিশালাকৃতির একটি ধোঁয়াটে রূপ।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকো’র জোতির্পদার্থবিজ্ঞানী ওলফগ্যাং স্টেফান ‘শেপ’ নামের একটি সফটওয়্যারের মাধ্যমে হোমানকুলাস নেবুলা’র মডেলটি তৈরি করেছেন।
নাসার তথ্য অনুসারে, থ্রিডি মডেলটি তৈরির জন্য গবেষকরা ইউরোপিয়ান সাউদার্ন ল্যাবরেটরির ‘ভেরি লার্জ টেলিস্কোপ’ এবং ‘এক্স-শুটার স্পেকট্রোগ্রাফ’-এর সাহায্যে আসল হোমানকুলাস নেবুলা’র ভিন্ন ভিন্ন ৯২টি টুকরোর ডেটা সংগ্রহ করেন।
এরপর নেয়ার-ইনফ্রারেড, দৃশ্যমান এবং অতিবেগুনি তরঙ্গমাত্রার সাহায্যে এ পর্যন্ত তৈরি সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণালি ম্যাপ তৈরি করে সেটিকে থ্রিডি প্রিন্ট করা হয়।
নাসা এই মডেলটি কীভাবে তৈরি করতে হবে তার সব কিছুই ইন্টারনেটে প্রকাশ করেছে। ফলে থ্রিডি প্রিন্টারের সাহায্যে যে কোনো ব্যক্তি সহজেই এই মডেলটি তৈরি করে নিতে পারবেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





