হাতে লেখা চিঠির মাধ্যমে যোগাযোগ করা যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে, আবার যোগাযোগ করা যায় ইমেল পাঠিয়ে, বা টুইটারে টুইট করে। এবার থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করা যাবে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর এই মানুষটির সাথে!
সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক হোয়াইট হাউজের জন্য এর মেসেজিং প্ল্যাটফর্মে নতুন চ্যাট বুট চালু করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের মানুষ চাইলেই বারাক ওবামাকে মেসেজ পাঠাতে পারবেন। বুধবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
এ ব্যাপারে একটি অনলাইন পোস্টে হোয়াইট হাউসের প্রধান ডিজিটাল অফিসার জেসন গোল্ডম্যান জানান, ওবামা দিনে হাতে লেখা বা ইমেইলের ১০টি করে চিঠি পড়েন। এখন ফেসবুক মেসেজও এর অংশ হতে যাচ্ছে।
বন্ধুদের মেসেজ পাঠানোর মতোই হোয়াইট হাউসের ফেসবুক পেজে গিয়ে মেসেজ আইকনে হিট করে ওবামার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
একটি মেসেঞ্জার বক্স উঠে আসার পর ‘লেটস গো!’-তে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের। একটি মেসেজে তখন জিজ্ঞাসা করা হবে- “দারুণ! এখন, আপনি প্রেসিডেন্ট ওবামাকে কী বলতে চান?”
মেসেঞ্জার বটটি এরপর ব্যবহারকারীকে তার মেসেজ চেক করতে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিকানা চাইবে। যদি ব্যবহারকারী মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন, তাহলে হোয়াইট হাউস বটটি ব্যবহারকারীর ইমেইল ঠিকানা গ্রহণ করবে।
এমএনজে





