মার্কিন শেয়ারবাজার ন্যাসডাকে নাকি ডিজিটাল বোমা স্থাপন করেছিল রাশিয়ান হ্যাকাররা। শেয়ার বাজারের কম্পিউটার সিস্টেম বিকল করে দিয়ে মার্কিন অর্থনীতির ব্যাপক ক্ষতি করতে পারতো ওই সাইবার ‘ডিজিটাল বম্ব’!
ন্যাসডাকের কম্পিউটার সিস্টেমে ওই ‘ডিজিটাল বম্ব’ স্থাপন করা হয়েছিল ২০১০ সালে। ব্লুমবার্গ এবং বিজনেস উইকের এক সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে বেড়িয়ে এসেছে এই তথ্য। চার বছর ধরে গোপন রাখা হয়েছিল ওই সাইবার আক্রমণের সব তথ্য।
বলা হচ্ছে ‘ডিজিটাল বম্বটি’ ছিল একটি ম্যালওয়্যার। ন্যাসডাকের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ম্যালওয়্যারটি ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। ডেটা চুরির পাশাপাশি কম্পিউটার সিস্টেম অচল করে দেওয়ার মতো ক্ষমতা ছিল ম্যালওয়্যারটির। ওই ঘটনা নিয়ে মার্কিন অ্যাভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা এফবিআই এখনও তদন্ত করছে বলে জানিয়েছে সিএনএন।
ব্লুমবার্গের প্রতিবেদনে সন্দেহের আঙুলটা তোলা হয়েছে রাশিয়ার হ্যাকারদের দিকেই। তবে ওই অভিযোগকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।
তদন্তের সঙ্গে সরাসরি জড়িতরা সন্দেহ করছেন আলেকসান্দার কালনিকিন নামের সেইন্ট পিটার্সবার্গবাসী এক হ্যাকারকে। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে ন্যাসডাকের কম্পিউটার সিস্টেমের উপর কালনিকিনের একাধিক সাইবার আক্রমণ প্রতিহত করার দাবি করেছে এফবিআই।
২০১০ সালের ওই ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে ন্যাসডাক। ‘বিস্ফোরণের’ আগেই নাকি অকার্যকর করে দেওয়া হয়েছিল ওই ‘ডিজিটাল বম্ব’।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





