অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিলে বা ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন আরো জানান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী অবৈধ ভিওআইপি কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। সরকার এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সঠিক তথ্য দিলে তথ্যপ্রদানকারীকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর এ তথ্য দেয়া যাবে বলে জানান তিনি।
পাশাপাশি একই বিষয়ে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে বৈধভাবে ভিওআইপি ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা। এদের সংগঠন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) এই পুরস্কার ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, টেলিকম নীতিমালা অনুযায়ী দেশে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরেও কেউ কেউ এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। কারা এবং কীভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ প্রদানকারীকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে।
এআর





