নতুন ‘রাজকন্যা’ এল ফেসবুকের রাজত্বে। আর এই খুশিতে ‘মেয়ের সম্মানে’ জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করার অঙ্গীকার করেছেন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান উদ্যোক্তা মার্ক জুকারবার্গ।
বুধবার বাবা হতেই নিজের প্রোফাইলে মেয়ের ছবি দিয়ে খুশির খবরটি ভাগ করে নিলেন লাখো অনুরাগীর সাথে। জানালেন মেয়ের নাম রেখেছেন ম্যাক্স চ্যান জুকারবার্গ।
মেয়ের জন্মের খবরের সাথে সাথে ফেসবুক পোস্টে জুকারবার্গ সন্তানের উদ্দেশে একটি চিঠিও পোস্ট করেছেন।

যেখানে বাবা জুকারবার্গ লিখেছেন, মেয়ে ম্যাক্স কোন পৃথিবীতে বড় হবে বলে আশা করছেন তিনি?
জুকারবার্গ চান, তার মেয়ের পৃথিবীতে থাকবে সাম্য, থাকবে সুস্থতা, শিক্ষার পদ্ধতি হবে নিজের পছন্দের, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে মানুষের, দূর হবে দারিদ্র্য, বিশ্ব জুড়ে আসবে সমান অধিকার।
মেয়েকে লেখা চিঠিতে জুকারবার্গ অঙ্গীকার করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো ভালো একটি পৃথিবী তৈরির জন্য তিনি ও তার স্ত্রী জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ দান করবেন। বর্তমানে ফেসবুকে তাদের মোট শেয়ার ৪৫ বিলিয়ন ডলারের বেশি।
স্ত্রী প্রিসিলা চ্যান গর্ভবতী থাকার সময় থেকেই বেশ কয়েকবার ছবি শেয়ার করেছেন নিজের ওয়ালে। এমনকি পিতৃত্বকালীন ছুটিও নিয়েছিলেন তিনি। (সূত্র: বিবিসি, রয়টার্স)
এমকে





