গ্যালাক্সি এস৫ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই প্রযুক্তি বিশ্বে আলোচনা শুরু হয়ে গেছে গ্যালাক্সি এস৬ নিয়ে। প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছরের মার্চে গ্যালাক্সি এস৬ বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। জিনিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে বাজারে বিভিন্ন দামে স্যামসাংয়ের বিভিন্ন মডেলের মোবাইল ফোন বাজারে রয়েছে। কয়েক মাস আগেই বাজারে এসেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫। এই স্মার্টফোনটি প্রযুক্তি বিশ্বে যেমন প্রশংসিত হয়েছে তেমনি কিছু সমালোচনার মুখেও পড়েছে।
নতুন স্মার্টফোন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য স্যামসাং কর্তৃপক্ষ প্রকাশ করেনি অথচ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে গ্যালাক্সি এস৬ নিয়ে নানা তথ্য প্রকাশিত হচ্ছে। টেকরাডার, পিসিঅ্যাডভাইজার, আইবিটাইমস, গিজবটের মতো সাইটগুলোতে গ্যালাক্সি এস৬ স্মার্টফোন নিয়ে প্রকাশিত হয়েছে নানা তথ্য।
কেমন হতে পারে গ্যালাক্সি এস ৬? বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এতে থাকতে পারে অ্যালুমিনিয়ামের কাঠামো, সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে বাঁকানো বা নমনীয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। গ্যালাক্সি এস ৬ স্মার্টফোনটির পেছনে থাকবে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা, সামনে ৪ বা সাত মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। দীর্ঘক্ষণ ব্যাটারি সুবিধার স্মার্টফোনটিতে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকবে। ৬৪ বিট অক্টা কোর প্রসেসর স্মার্টফোনটি ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে। এতে ফিংগারপ্রিন্ট সেন্সর যুক্ত হবে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





