ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ডিজিটাল দেশ নির্মাণ, মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ও থাইল্যান্ড একসঙ্গে কাজ করবে ।
এ উদ্দেশ্যে বৃহস্পতিবার (০৩ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ড. উত্তম সাভায়নার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
এছাড়াও, এ বিষয়ে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়েও একমত হয় দু’দেশ। বৈঠকে থাই মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকারের প্রশংসা করেন।
সরকারের সাফল্যের কথা তুলে ধরে তারানা হালিম বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৪ থেকে ৮৫ শতাংশে উন্নীত হয়েছে। ইন্টারনেট ব্যবহারের হারও বেড়েছে ১০ থেকে ৩৫ শতাংশ।
এ সময় রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকে বিনিয়োগের জন্য থাই মন্ত্রীকে আমন্ত্রণ জানান তারানা। অবকাঠামোগত উন্নয়নেও থাইল্যান্ডের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
উক্ত বৈঠকে প্রযুক্তিমন্ত্রী ড. সাভাইয়ানা থাইল্যান্ডের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দুই দেশের টেলিকমিউনিকেশন খাতে একসঙ্গে কাজ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষর হয়।
অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম।
এমআইএস।
বিজ্ঞান ও প্রযুক্তি
টেলিযোগাযোগ: একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ডিজিটাল দেশ নির্মাণ, মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ও থাইল্যান্ড একসঙ্গে কাজ করবে ।





