এইচআইভি এবং এইডস নিয়ে সারাবিশ্বে দুশ্চিন্তার শেষ নেই। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) গুপ্তঘাতক হিসেবে পরিচিত। মানুষের কোষে একবার এই ভাইরাস আক্রমণ করলে আর রক্ষা নেই। সারাজীবন চিকিৎসার মাধ্যমে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। চিকিৎসাটা আবার খুব ব্যয়বহুল। সহজলভ্যও নয়। তবে এই প্রথম যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার গবেষকরা কোষ থেকে এইচআইভি মুছে দেওয়ার এক পদ্ধতি আবিষ্কার করেছেন।
টেম্পল ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা মানুষের কোষ থেকে এইচআইভি-১ ভাইরাস দূর করতে সক্ষম হয়েছেন। এ গবেষণার পথ ধরে ভবিষ্যতে অন্যান্য ধরনের গুপ্ত ভাইরাস থেকেও রক্ষা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।গবেষকরা এইচআইভি-১ ডিএনএ ধ্বংসের জন্য ক্যাস ৯ (cash-৯) নামে এক ধরনের এনজাইম (engime) এবং গাইড আরএনএ (RNA) ব্যবহার করেছেন।
এইচআইভ-১ ডিএনএ নির্মূল হওয়ার পর কোষের জিন পুনর্গঠনে কাজ করে এমন উপাদানগুলো সক্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে কোষ হয়ে ওঠে ভাইরাসমুক্ত। গবেষক কামেল খলিলি বলেন, মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তাতে এইচআইভি-১ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এইডস মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে এই ভাইরাস মুছে ফেলা। তাদের আবিষ্কার খুবই উৎসাহব্যঞ্জক। তবে চিকিৎসাক্ষেত্রে এটি প্রয়োগের জন্য আরও অনেক গবেষণার প্রয়োজন হবে।
সূত্র: মেইল অনলাইন।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





