বৃহস্পতিবার বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬শুরু হতে যাচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
মঙ্গলবার মেলার ভেন্যু বিআইসিসির মিডিয়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দ্বিতীয়বারের মতো আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী প্রযুক্তির এই প্রাণের মেলায় থাকছে প্রযুক্তি-জীবনধারার সামগ্রিক প্রদর্শনী।
দেশের হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতকে এগিয়ে নিতে আয়োজন করা হয়েছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬।
জুনাইদ আহমেদ বলেন, ‘এই মেলার মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের হাতে কোনো কোরিয়ান বা চাইনিজ ব্র্যান্ড থাকবে না। থাকবে আমাদের নিজেদের তৈরি স্মার্টফোন ও ল্যাপটপ।
আগামী দুই-তিন বছরের মধ্যেই কালিয়াকৈর হাইটেক পার্কে তৈরি হবে স্মার্টফোন ও ট্যাবলেট পিসি। এর মাধ্যমে আমাদের প্রতিবছর খরচ হওয়া মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’
বিসিএসের সভাপতি মাহফুজুল আরিফ বলেন, এখানে প্রযুক্তি বিষয়ক সভা-সেমিনারের পাশাপাশি এই খাতে যেমন থাকছে বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরার প্রচেষ্টা, তেমনি হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতের সমন্বিত উন্নয়নের জন্যও রয়েছে সুনির্দিষ্ট উদ্যোগ। স্বীকৃতি প্রদানের মাধ্যমে থাকছে প্রযুক্তি পণ্য সেবায় ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবনকে আরও বিস্তৃত করার প্রচেষ্টা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতের সম্মিলিত প্রয়াসে আন্তর্জাতিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ‘ইন্টারনেট অব থিংকস’ নিয়ে দেশীয় প্রতিষ্ঠান ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে মেলায় হার্ডওয়ার ও ম্যানুফ্যাকচারিং খাতের অমিয় সম্ভাবনা, কর্মপ্রচেষ্টা ও রূপকল্পের নান্দনিক উপস্থাপনা তুলে ধরা হবে।
সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, ডেল বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, মাইক্রোসফট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির ও মেলার আহ্বায়ক নজরুল ইসলাম মিলন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বেসিসের সভাপতি শামীম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি





