যন্ত্রটিকে দেখতে অনেকটা জেরক্স মেশিনের মত। কিন্তু নয়া এই যন্ত্র জেরক্স করে না। তার বদলে এর পেট থেকে বেরিয়ে আসে গরমাগরম রুটি। প্রতি মিনিটে একটি করে রুটি বানাতে পারে নয়া এই রোটিমেটিক। ঠিকই পড়েছেন, অটোমেটিক নয় যন্ত্র।

নয়া রোটিমেটিক এই যন্ত্রের জনক প্রনতি নাগারকর ও ঋষি ইরানি। যন্ত্রের পেটের ভিতর রয়েছে ১০টি অত্যাধুনিক মোটর, ১৫টি সেন্সরসহ মোট ৩০০টি যন্ত্রাংশ।
নাগারকার বলছেন, অফিস থেকে ফিরে রুটি বানাতে ইচ্ছে করত না। এই ভাবনা থেকেই রোটিমেটিকের জন্ম। এক ফুট লম্বা এই ‘রোবট’ চওড়াতেও ফুটখানেকের বেশি নয়। ২০১৫-র মধ্যে দেশের বাজারে বাণিজ্যিক আত্মপ্রকাশ ঘটবে এই রোবটের।

যন্ত্রের মধ্যে আটা বা ময়দা, পরিমানমত জল ও তেল ঢেলে দিলেই গরম রুটি বা পরোটা বেরিয়ে আসবে ইচ্ছেমত। গায়ে লাগানো ছোট্ট এলসিডি স্ক্রিণে আপনার পছন্দমত অপশন বেছে নিলেই আপনার কাজ শেষ। রুটি বা পরোটার আকৃতি বেছে নিন, আর টিপে দিন একটি বাটন। ব্যাস। রুটি তৈরি।

ভাবছেন এই নয়া রোবটকে আপনার রান্নাঘরে জায়গা করে দিতে কত কড়ি খসবে? বেশি নয়। মাত্র ৬০০ ডলার। যন্ত্রটির ওজনও বেশ কম। মাত্র ১৮ কেজি।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই