মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও গ্রামীণফোন কিস্তিতে গ্রাহকদের আইফোন সিক্স ও সিক্স প্লাস দেবে। নগদ এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে এ কিস্তি সুবিধা নেওয়া যাবে। ইতিমধ্যে রবি সবার আগে আইফোনের সর্বশেষ সংস্করণের প্রি বুকিংয়ের জন্য প্রচারণা শুরু করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) থেকে প্রি-বুকিং নেবে রবি ও গ্রামিনফোন। অনলাইনে এর প্রি বুকিং দেওয়া যাবে। সে জন্য রবি ওয়েবসাইট http://www.robi.com.bd/en/current-offers/robi-iphone6/prebook ব্যবহার করতে হবে। এ ছাড়া গ্রাহকরা রবি ও গ্রামিনফোন সেবাকেন্দ্রে গিয়ে বুকিং দিতে পারবেন।

গ্রাহকদের স্মার্ট ফোনের আসল উপভোগ্য সেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশিদ বলেন, ২০১৩ সালের শেষ দিকে দেশে থ্রিজি সেবা চালুর পর মানুষের মধ্যে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে। অনুমোদিত বিক্রয়কর্মী ও গ্রাহকদের জন্য এক বছরের ওয়ারেন্টি দেবে রবি।

এছাড়া গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, গ্রামীণফোনের মাধ্যমে আইফোন ৬ ও ৬ প্লাস কিনলে প্রোমোশনাল অফার হিসেবে কিছু স্পেশাল প্যাকেজের সুবিধা দেওয়া হবে।

তবে গ্রামীণফোন সূত্রে জানা গেছে, গ্রামীণফোনে বুকিং দিয়ে আইফোন ৬ ও ৬ প্লাস কিনলে ফ্রি ইন্টারনেট প্যাকেজ, বিনা মূল্যে সিম পাবেন ক্রেতারা। বাজারে অনেকভাবে হ্যান্ডসেট আসছে। এ ক্ষেত্রে গ্রামীণফোনের মাধ্যমে কিনলে অরিজিনাল সেটটিই পাবেন ক্রেতা।

 

ইআর