গুগল তার মালিকানায় থাকা অ্যাপগুলোতে নিয়মিত বিভিন্ন ধরনের ফিচারের পরীক্ষা চালায়। তারই ধারাবাহিকতায় এবার ইউটিউব অ্যাপের ভিডিওতে কমেন্ট সেকশন সম্পর্কিত একটি ফিচার পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে একটি ভিডিওর কমেন্টগুলো সহজেই ব্যবহারকারীদের নজরে আসবে।
বর্তমানে ইউটিউব অ্যাপে যেকোনও ভিডিওর অনেক নিচে থাকে কমেন্ট সেকশন। ইউটিউব অ্যাপে একটি ভিডিও দেখার পর তার নিচে আপ নেক্সট অপশনে আরও কিছু ভিডিও আসে এবং এগুলোর নিচে থাকে কমেন্ট। ফলে কোনও ভিডিওতে কমেন্ট করতে হলে কিংবা কমেন্ট পড়তে একজন ব্যবহারকারীকে স্ক্রল-ডাউন করে অনেক নিচে যেতে হয়। মূলত এটিই পরিবর্তন করতে চাচ্ছে গুগল।
নতুন ফিচারের ফলে প্রতিটি ভিডিওর নিচে কমেন্ট সেকশন থাকবে এবং এটার পর থাকবে আপ নেক্সট অপশন। ফলে কোনও ভিডিওতে কমেন্ট করতে বা কমেন্ট পড়ার জন্য স্ক্রল ডাউন করে অনেক নিচে নামার প্রয়োজন হবে না।
ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, নতুন ফিচারের ফলে ইউটিউব অ্যাপে যেকোনও ভিডিওর নিচে কমেন্ট সেকশন পাবেন গ্রাহকরা। এই সেকশনে তিনটি কমেন্ট দেখা যাবে। কমেন্ট অপশনে ক্লিক করলেই বাকি সব কমেন্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা।
এ সম্পর্কে গুগলের এক সাপোর্ট পেজে বলা হয়, ইউটিউব অ্যাপে ভিডিওগুলোতে যেন গ্রাহকরা সহজেই কমেন্ট খুঁজে পান সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এই চেষ্টার অংশ হিসেবে ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। এতে ভিডিওর ঠিক নিচেই কমেন্ট সেকশন থাকবে।
এম বিল্লাহ





