এবার নিজেদের পছন্দ মতো ‘স্মার্টওয়াচ ফেইস’ তৈরি করতে পারবেন অ্যান্ড্রয়েড ওয়্যার ডেভলপাররা। খোদ ওয়েব জায়ান্ট গুগলই ডেভলপারদের জন্য এই সুযোগটি করে দিতে যাচ্ছে।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল শিগগিরই অফিশিয়াল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেইস (API) ছাড়তে যাচ্ছে যার সহায়তায় ডেভলপাররা অ্যান্ড্রয়েড ওয়্যারের জন্য নিজেদের পছন্দ মতো ওয়াচ ফেইস তৈরি করতে পারবেন।

এই প্রসঙ্গে গুগলের বিশেষজ্ঞ ডেভেলপার আইনজীবি ওয়েন পাইকার্সকি গুগল প্লাসে জানিয়েছেন, “অ্যান্ড্রয়েডের ওয়্যারে কাস্টম ওয়াচ ফেইস তৈরির ফিচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছিলেন ডেভেলপাররা। অ্যান্ড্রয়েড সাফল্যের পেছনে একটা বড় ভূমিকা ছিল কাস্টোমাইজেশন সুবিধার। অ্যান্ড্রয়েড ওয়্যারের জন্যও এটি সাহায্য করবে। আমরা প্রক্রিয়াটিকে যতোটা সহজ করা যায় তার জন্য কাজ করছি।”

পাইকার্সকি ডেভলপারদের অফিশিয়াল এপিআইয়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। কবে নাগাদ অফিশিয়াল এপিআই আসতে পারে সে বিষয়ে কিছু না বললেও অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড এল’ অ্যান্ড্রয়েড ওয়্যারে না আসা পর্যন্ত ডেভেলপারদের অপেক্ষা করতে হতে পারে বলেই জানিয়েছেন পাইকার্সকি।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই