ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভবিষ্যতেও সহযোগিতার নব নব দ্বার উন্মোচন হবে।
মঙ্গলবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তার দপ্তরে এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরিক্ষীত বন্ধু এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভারতের সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুতে উভয় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়/বিভাগের সমন্বয়ে ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট করা এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আওতায় নিয়মিত বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে তথ্যপ্রযুক্তির টেকসই বিস্তারে কাজ করার বিষয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত একমত পোষণ করেন।
এছাড়াও, ই-কমার্স, সাইবার নিরাপত্তা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন, আইটিইএস, শিক্ষাসহ তথ্যপ্রযুক্তির সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও উক্ত বৈঠকে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি’র এমডি হোসনে আরা বেগম এনডিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।
ইআর/এমআইএস





