মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং ব্যবসায় এবার ভাগ বসাতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং সেবার মাধ্যমে বেশ ভালোই আয় করছে অ্যামাজন। এবার সেই আয়ে নিজের নাম লেখাতে যাচ্ছে ফেইসবুক।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার জানিয়েছে, শীঘ্রই ফেইসবুকে যুক্ত হতে যাচ্ছে লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং ফিচার। এর মাধ্যমে গ্রাহক ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফট’এবং সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া ‘ওভারওয়াচ’গেইমের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। ফেইসবুকের ‘গো লাইভ’ফিচারের মাধ্যমে গ্রাহক খুব সহজেই অন্যের খেলা দেখতে পারবেন বলে জানানো হয়।

মানুষ অন্যের খেলা দেখাটা উপভোগ করে, আর এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আয় করার লক্ষ্যেই নতুন এই ব্যবসায় নামতে যাচ্ছে ফেইসবুক। লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং এবং ইস্পোর্টস ব্যবসায় অনেক দিন ধরেই নেতৃত্ব দিয়েছে গেইমিং সাইট টুইচ। ২০১৪ সালে ৯৭ কোটি মার্কিন ডলারে ফিচারটি কেনে অ্যামাজন, আর সেটিতে ব্যাপক সফলতাও লাভ করে প্রতিষ্ঠানটি।

গত গ্রীষ্মেই গুগলের ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব শুধু এই ফিচারটির জন্যই নিজস্ব অ্যাপ তৈরি করে লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং সেবাটি চালু করে।

এই খাতে টুইচের জনপ্রিয়তা জোরালো হলেও এ থেকে সফলতা পাওয়ার মূলমন্ত্র হল এটিকে বেশি বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। আর সেইদিক থেকে ফেইসবুক টুইচের থেকে এগিয়েই রয়েছে বলেও জানানো হয়েছে। তাই এই সেবাটির উৎপত্তি কোথায় সেটি না ভেবে, এটিকে মানুষের কাছে পৌঁছে দিয়ে কীভাবে ভালো পরিমাণে আয় করা যায় সেটিই চিন্তা করছে ফেইসবুক।

ফেইসবুকের লাইভ ভিডিও ফিচারটি চালু হওয়ার পর থেকে প্রতিমাসে গড়ে দেড়শ’কোটিরও বেশি গ্রাহক তার নিউজ ফিডের ভিডিও ব্রাউজ করে থাকে, জানিয়েছে বিজনেস ইন্সাইডার।

তাই লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং ব্যবসায় সফলতা পেতে ফেইসবুকের মত গ্রাহকবহুল প্রতিষ্ঠানের খুব একটা বেগ পেতে হবেনা বলেও ধারণা করা হচ্ছে।

এফএফ