সেলফি ও উইফি প্রেমীদের উপযোগী একটি স্মার্টফোন ক্যামেরা রিমোট সম্প্রতি বাজারে এসেছে। ট্যাব ও স্মার্টফোন থেকে সেলফি ও উইফি তোলার এই ক্যামেরা রিমোটটি নাম ‘প্রোলিংক ফটো অনিক্স’।
সেলফি হচ্ছে একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েব ক্যামে ধারণ করা এবং তা যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা। উইফি হচ্ছে সেলফির মতো একই ফ্যাশনে তোলা ছবি কিন্তু এতে দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে থাকে।
‘প্রোলিংক ফটো অনিক্স’ নামের পরিধেয় এই প্রযুক্তিপণ্যটি ব্লুটুথ নির্ভর। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে এটি। এই যন্ত্রটি ব্যবহার করে ৩০ মিটার দূর থেকেই ছবি তোলা সম্ভব। একে একসঙ্গে স্মার্টফোন বা ট্যাবের মতো আটটি পণ্যের সঙ্গে যুক্ত করা যায়।
যন্ত্রটি ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন স্টোর থেকে এমফটোজেম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে এবং ফটো অনিক্সের সঙ্গে যুক্ত করতে হবে। এমফটোজেম অ্যাপ্লিকেশনের সাহায্যে সহজে ব্লটুথ পেয়ারিং, ক্যামেরার ফ্ল্যাশ মোড প্রভৃতি সুবিধা পাওয়া যাবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধার এই স্মার্টফোন ক্যামেরা রিমোট দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এক বিজ্ঞপ্তিতে বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘প্রোলিংক ফটো অনিক্স’এর দাম এক হাজার ২০০ টাকা। পণ্যটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





