সব গুজবের অবসান ঘটিয়ে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘গিয়ার ভিআর’ উন্মোচন করেছে স্যামসাং।

বার্লিনে চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো, ‘আইএফএ ২০১৪’-তে গিয়ার ভিয়ার সহ গ্যালাক্সি সিরিজের আরও দুই স্মার্টফোন উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ান এই ইলেকট্রনিক্স জায়ান্ট।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইএফএ-তে উন্মোচিত গ্যালাক্সি স্মার্টফোন দুটির মধ্যে আছে গ্যালাক্সি নোট ফোর আর গ্যালাক্সি নোট এজ। নোট ফোরের আনুসাঙ্গিক ডিভাইস হিসেবে কাজ করবে গিয়ার ভিআর।

গ্যালাক্সি নোট ফোরের ৫.৭ ইঞ্চির স্ক্রিন আর স্পিকারগুলোই ব্যবহার করবে গিয়ার ভিআর। ব্যবহারকারীর মাথার নড়াচড়া ট্র্যাক করার জন্য আছে বিশেষ সেন্সর।

ডিভাইসটির ৯৬ ডিগ্রি দৃষ্টিসীমা আছে বলে জানিয়েছে স্যামসাং। গিয়ার ভিআরে ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে দুই মিটার দূর থেকে ১৭৫ ইঞ্চির বড় পর্দায় তাকানোর মতোই।
ডিভাইসটি বিক্রি হবে মাইক্রোএসডি কার্ডসহ, যাতে আগে থেকেই থাকবে স্বল্প সংখ্যক ৩৬০ ডিগ্রির ভিডিও আর ভার্চুয়াল রিয়ালিটি গেইমস। আইএফএতে উন্মোচিত ডিভাইসগুলোর মধ্যে গ্যালাক্সি নোট ফোর বাজারে জনপ্রিয়তা পাবে বলেই আশা করছে স্যামসাং।

তবে সবচেয়ে চমকপ্রদ ফিচারটি হয়তো গ্যালাক্সি নোট এজ স্মার্টফোনটিরই। স্মার্টফোনটির ডিসপ্লে দুই পাশেই বাঁকানো।
গ্যালাক্সি নোট এজ আর গিয়ার ভিআর ডিভাইস দুটির ক্ষেত্রে স্যামসাংয়ের বাজার ধরতে কিছুটা সময় লাগতে পারে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই