ডিজিটাল বাংলাদেশ গড়ার অর্ধেক কাজই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর বাকি অর্ধেক কাজের জন্য বেসরকারিখাতকে এগিয়ে আসতে হবে। ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই ধারাবাহিকতায় বজায় রাখতে ঢাকা মহানগরীকে ওয়াইফাই ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি এক্সপো-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইটিখাত সংশ্লিষ্টদের প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
বৃহস্পতিবার থেকে শুরু হয় তিনদিনব্যাপী বাংলাদেশ আইসিটি এক্সপো। এতে টকিং রোবট ও ফ্লাইং ড্রোন, ইনোভেশন জোন, লোকাল ম্যানুফ্যাকচারিং জোন, সেমিনার, সেলফি কন্টেস্ট, গেমিং কম্পিটিশন ও ডিজিটাল আর্ট কম্পিটিশনের আয়োজন ছিল।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেন, ২০২৪ সাল পর্যন্ত তথ্য-প্রযুক্তিখাতকে করমুক্ত রাখা হয়েছে। তবে এর মধ্যে হার্ডওয়্যারকেও যুক্ত করতে হবে। আগামীতে তথ্য-প্রযুক্তিখাত পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে।
এসটি





