সারাদেশে ১০ লাখ দক্ষ আইটি প্রোফেশনাল তৈরির লক্ষ্যে ‘ওয়ান বাংলাদেশ’ বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং মাইক্রোসফট বাংলাদেশ। এ লক্ষ্যে বেসিস এবং মাইক্রোসফট বাংলাদেশের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, বেসিস সভাপতি শামীম আহসান এবং মাইক্রোসফট বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহ-সভাপতি সিজার সারনুডা।

টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার, লাইসেন্সিং, সাইবার নিরাপত্তাসহ আইপিআর এর উপর পৃথক কর্মশালাও যৌথভাবে পরিচালনা করবে প্রতিষ্ঠানদুটি।

এ বিষয়ে বেসিস সভাপতি বলেন, ‘এ উদ্যোগের আওতায় সারাদেশে ১০ লাখ আইটি প্রোফেশনাল তৈরীসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে লাইসেন্সিং সম্পর্কিত, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা প্রদান করবে মাইক্রোসফট।”

সোনিয়া বশির কবীর বলেন, ওয়ান বাংলাদেশ লক্ষ্য অর্জনে বেসিসের সাথে কাজ করতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে ‘আমরা আনন্দিত’।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলমাস কবির, মাইক্রোসফটের এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহ-সভাপতি সিজার সারনুডা, মাইক্রোসফট বাংলাদেশের বিদায়ী কান্ট্রি ম্যানেজার পুবুদু বসনায়েক এবং বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) //  জেআই