ভাবুন প্লেনে বসে এক কাপ চা কিংবা কফি খেতে খেতেই লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছে গেছেন। হ্যাঁ, এমন বিপ্লবী তত্ত্বই দিয়েছেন বিজ্ঞানীরা।

বিমানের অ্যান্টিপোড ধারণা অর্থাৎ, রকেটের ধারণাকে ব্যবহার করে মাত্র ১১ মিনিটেই লন্ডন থেকে নিউইয়র্ক পাড়ি দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন গবেষকরা।

নতুন এই বিমান কনকর্ডের চেয়ে ১২ থেকে ২৪ গুণ দ্রুত চলতে সক্ষম হবে বলে দাবি করেছেন কানাডার প্রকৌশলী চার্লস বোম্বাডিয়ার।

যিনি এর আগে ‘ক্রিমার’ নামক দ্রুতগতি সম্পন্ন বিমানের ধারণা দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

কিন্তু চমকপ্রদ তথ্য হলো- ক্রিমারের চেয়ে দ্বিগুণ দ্রুতগতি অ্যান্টিপোডের। ১০ সিটের এই জেট ঘণ্টায় ১২ হাজার ৪৩০ মাইলের বেশি অতিক্রম করতে সক্ষম হবে বলে আশা করছেন গবেষকরা।

অ্যান্টিপোডের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে তরল অক্সিজেন। যা বাহনটিকে শব্দের চেয়ে অনেক দ্রুতগতি সম্পন্ন হতে সাহায্য করবে বলে জানিয়েছেন নির্মাতারা।

তবে একটা বিষয়ে গবেষকরা এখনো স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি। সেটা হলো অ্যান্টিপোড প্রচলিত ধারণা সাথে সঙ্গতি রেখে কীভাবে কোনো বিমানবন্দরে ল্যান্ড করবে? অথবা যানটি চলাচলের সময় যে প্রচণ্ড শব্দ ও তাপ তৈরি হবে তা কীভাবে কমিয়ে আনা হবে?

অ্যান্টিপোডে কোন শহরে যেতে কতোক্ষণ সময় লাগবে:

নিউইয়র্ক থেকে লন্ডন- ১১ মিনিট (৩৪৫৯ মাইল)

নিউইয়র্ক থেকে প্যারিস- ১২ মিনিট (৩৬২৫ মাইল)

নিউইয়র্ক থেকে টোকিও- ২২ মিনিট (৬৭৩৭ মাইল)

নিউইয়র্ক থেকে দুবাই- ২২ মিনিট (৬৮৩৬ মাইল)

নিউইয়র্ক থেকে হংকং- ২৬ মিনিট (৮০৪০ মাইল)

নিউইয়র্ক থেকে সিডনি- ৩২ মিনিট (৯৯২৯ মাইল)

এসএইচ