জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ‘ওয়াচ’ নামে নতুন একটি ভিডিও সেবা চালু করেছে। ইউটিউব ও টেলিভিশনের মতো ফেসবুকেও বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ দিতে এই ভিডিও সেবা আনুষ্ঠানিকভাবে চালু করছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।
শুরুতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ফেসবুক ব্যবহারকারী এই সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে সারা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীদের জন্য সেবাটি উন্মুক্ত করা হবে।
এই ‘ওয়াচ’ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন টিভি শো দেখতে পারবেন। এগুলোর মধ্যে কিছু থাকবে -সোশ্যাল নেটওয়ার্কের অর্থায়নে তৈরি শো। ইউটিউব এবং টিভি নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দেবে ফেসবুকের নতুন এই সেবাটি।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এক পোস্টে লিখেন, একটি শো দেখা মানে শুধুমাত্র দেখেই বসে থাকলাম তা নয়। এটি একটা অভিজ্ঞতা শেয়ারের সুযোগ।
ওয়াচ নামের এই ভিডিও ট্যাবটি ‘পার্সোনালাইজ’ও করা যাবে যেন ব্যবহারকারীরা নতুন শো দেখতে পারেন। তাদের বন্ধুরা কী দেখছেন তার ওপর ভিত্তি করে নতুন নতুন শো-ও খুঁজে পাবেন তারা। ভিডিওগুলো নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনার পাশাপাশি গ্রুপ তৈরি করে একসঙ্গে দেখারও সুযোগ পাওয়া যাবে।
এমএনজে





