বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে সনি তার ই-বুক রিডারের নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে রিডার ডিভাইসের নতুন মডেল নিয়েও কাজ করবে না জাপানি এই ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, আশানুরূপ সাড়া না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সনি। পাশাপাশি রিডার ডিভাইসের নতুন কোনো মডেল তৈরি না করারও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সনি ই-রিডারের সর্বোশেষ মডেল ছিলো পিআরএস-টিথ্রি। এর চাহিদা যতদিন থাকছে ততদিন এটি ইউরোপের বাজারে পাওয়া যাবে।
সনির একজন মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ই-বুক বিক্রয় থেকেও নিজেদের সরিয়ে নেয়। এর পরিবর্তে ব্যবহারকারীদের কোবো নামের অন্য একটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ই-বুক কেনার পরামর্শ দেওয়া হয়। উত্তর আমেরিকার ই-বুক ব্যবহারকীরাদেরও ফেব্রুয়ারি মাস থেকে কোবো থেকে ই-বুক কেনার পরামর্শ দেয়া হয়। ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় এ প্রচারণা শুরু হয় মে মাসে।
সনির নিজের দেশ জাপানে ব্যবহারকারীরা সনির শো-রুমে ই-বুক রিডার এখনও পাচ্ছেন।
বিশ্বজুড়েই স্মার্টফোন, ট্যাবলেট এবং ফ্যাবলেটের সহজলভ্যতা এবং চাহিদার সঙ্গে টেক্কা দিতে পারছে না ই-বুক রিডার।
কানাডিয়ান প্রতিষ্ঠান কোবো কিনে নিয়েছে জাপানিজ ই-কমার্স কোম্পানি রাকুটেন। আর এই প্রতিষ্ঠানটি আমাজানকে চ্যালেঞ্জ করার লক্ষ্যে নিজেরাই বিশ্বব্যাপী আলাদা একটি বাজার তৈরি করার পরিকল্পনা করছে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





