বাংলাদেশের নয় জন শিক্ষককে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট (এমআইই এক্সপার্ট) ২০১৫ হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন: মোহাম্মাদ মোহিউল হক, আবুল কালাম রাশেদ আহমেদ, মাহফুজ আরা সুলতানা, তাসনিফা খানম, শাহনেওয়াজ আলী, লিয়ন আসাদ, গাজী সালাহউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ খুরশেদ আলম ও জ্যোতিষ চন্দ্র রায়।

শিক্ষার্থীদের বেশি শেখাতে ও অর্জন করতে এবং সর্বোপরি মোবাইল-ফার্স্ট, ক্লাউড-ফার্স্ট বিশ্বে সাফল্য অর্জন করতে প্রযুক্তি ব্যবহারে এসব শিক্ষকদের অসাধারণ অবদানের জন্য এ স্বীকৃতি দেয়া হয়।

৩০ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে স্বীকৃতিপ্রাপ্ত এসব শিক্ষকদের আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করে মাইক্রোসফট বাংলাদেশ।

মাইক্রোসফট বাংলাদেশের এডুকেশন লিড সারানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব সেকেন্ডারি এ্যান্ড হায়ার এডুকেশনের ট্রেনিং ডিরেক্টর প্রফেসর মো. হামিদুল হক।

শিক্ষক আবুল কালাম রাশেদ আহমেদ এমআইই এক্সপার্ট হিসেবে স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের উল্লেখ করে অনুষ্ঠানে বলেন, “এই কর্মময় বিশ্বে শিক্ষার্থীদের সাফল্য অর্জন নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে সঠিক সরঞ্জামসহ প্রস্তুত করতে আমি নতুন উদ্ভাবনী উপায় খুঁজে বের করার এ প্রয়াস অব্যাহত রাখবো।”

একটি এক্সক্লুসিভ গ্লোবাল কমিউনিটির অংশ হতে মাইক্রোসফট প্রতি বছর এমআইই এক্সপার্ট নির্বাচন করে আসছে যা সহকর্মীদের জন্য আইডিয়া ভাগাভাগি ও নতুন উপায় প্রয়োগ করতে এবং পরস্পরের কাছ থেকে শিখতে উপায় বাতলে দিচ্ছে।

জেডআই