ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ২৫ হাজার সরকারি কর্মকর্তাকে মিডিয়া প্যাড (ট্যাব) দেওয়া হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে কর্মকর্তাদের হাতে ট্যাব তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিতে পারেন। উর্ধ্বতন কর্মকর্তারা নিজেরটাসহ সংশ্লিষ্ট দফতর/বিভাগের কর্মকর্তাদের ট্যাব বুঝে নেবেন বলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি (আই‌‌‌সিটি) বিভাগ সূত্রে জানা গেছে।

এ ছাড়াও সরকারের তথ্যমন্ত্রণালয় (পিআইডি) থেকে সরাসরি অাসা ৬০ জন জনসংযোগ কর্মকর্তা এবং বাংলাদেশ বেতার থেকে আসা চার জনসংযোগ কর্মকর্তাসহ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও আইসিটি বিভাগ) ৬৪ জন কর্মকর্তার হাতেও এদিন ট্যাব তুলে দেওয়া হবে।

সরকারি কর্মকর্তাদের মিডিয়া প্যাড দেওয়া প্রসঙ্গে অাইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কর্মকর্তারা সব সময় যেন সংযুক্ত (কানেক্টেড) থাকেন, এ কারণে তাদের মিডিয়া প্যাড দেওয়া হচ্ছে। যে কোনও সময় যেকোনও জায়গায় থেকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এ জন্য ই-সিগনেচার'ও প্রবর্তন করা হয়েছে।

জানা গেছে, কর্মকর্তাদের হাতে হুয়াওয়ে ব্র্যান্ডের মিডিয়া প্যাড দেওয়া হচ্ছে। এর স্ক্রিনের আকার ১০.১ ইঞ্চি। এর অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড (আইসক্রিম স্যান্ডউইচ)। এটিকে জেলিবিন ৪.১-এ আপগ্রেড করা যাবে। এতে আরো রয়েছে এক গিগা র‌্যাম, ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি তোলার জন্য ভিজিএ ক্যামেরা, কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসর।

ইআর