স্মার্টফোনের সঙ্গে আলাদা করে হাতঘড়ির সংযোগ থাকা লাগবে না। স্মার্টফোনে যা করা যায় স্মার্টওয়াচেও তাই করা যাবে। সময় দেখার পাশাপাশি কল করা, বার্তা পাঠানোর কাজগুলোও স্মার্টওয়াচে করা যাবে। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে জানানো হয়েছে, স্যামসাং সম্প্রতি এ ধরনের একটি স্মার্টওয়াচ তৈরি করছে।
বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার নামের স্মার্টওয়াচ বাজারে রয়েছে। তবে তা কেবল স্মার্টফোনের সঙ্গে সংযোগ থাকলেই কেবল কাজ চালানো যায়।
স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচে কল করা বা বার্তা পাঠানোর ফিচারগুলোর পাশাপাশি থাকবে জিপিএস চিপ, ক্যামেরা ও হার্ট রেট সেন্সর।
বর্তমানে গ্যালাক্সি গিয়ার ২, গ্যালাক্সি গিয়ার ২নিও এবং গ্যালাক্সি গিয়ার ফিট নামের তিনটি পণ্য বাজারে বিক্রি করছে স্যামসাং।
এর মধ্যে গ্যালাক্সি ফিট হচ্ছে হচ্ছে ফিটনেস ব্যান্ড আর অন্য দুটি পণ্য গ্যালাক্সি স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে সংযোগে কল গ্রহণ করার সুবিধা দেয়। এই স্মার্টওয়াচ দিয়ে কল করার সুবিধা তত উন্নত নয়। গ্যালাক্সি গিয়ার২ পণ্যটিতে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
এ বছরের প্রথম প্রান্তিক অর্থাত জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে ৫ লাখের বেশি স্মার্টওয়াচ বিক্রি করে বাজারের ৭১ শতাংশ দখল করেছে স্যামসাং। বাজার বিশ্লেষকেরা দাবি করেছেন, স্মার্টওয়াচের বাজার আরও বাড়বে। স্যামসাং স্মার্টওয়াচের বাজারে শীর্ষস্থান দখল করলেও গ্যালাক্সি গিয়ার সিরিজে এখনও প্রয়োজনীয় অনেক ফিচারের ঘাটতি রয়েছে।
এখন পর্যন্ত যাঁরা আগেভাগে প্রযুক্তি পণ্য কেনেন এবং প্রযুক্তিপ্রেমীরাই কেবল গিয়ার স্মার্টওয়াচ শখের বশে কিনেছেন। মূলধারার গ্রাহক ভেড়াতে হলে স্যামসাংকে ফিচার আরও উন্নত করতে হবে।
নতুন স্মার্টওয়াচের ক্ষেত্রে উন্নত ফিচার যুক্ত করার পরিকল্পনা নিয়েই কাজ করছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকেরা বলছেন, স্মার্টওয়াচে যদি স্মার্টফোন ছাড়াই কল করার সুবিধা যুক্ত হয় তবে অবশ্যই তাতে সিম কার্ড স্লট থাকতে হবে। এতে সফটওয়্যার ব্যবহারেরও সহজ পদ্ধতি থাকতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মোবাইল অপারেটরদের আলোচনা করছে। সবকিছু ঠিকঠাক হলে এ বছরের জুন বা জুলাই মাসেই এই স্মার্টওয়াচ বাজারে দেখা যেতে পারে।
স্মার্টওয়াচটিতে স্যামসাং অ্যান্ড্রয়েড রাখবে না। নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেমের পণ্য হিসেবেই নতুন স্মার্টওয়াচকে তুলে আনতে চাইছে স্যামসাং।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]