স্মার্টফোনের বাজারে আসতে চলেছে এমন একটি ফোন, যেটি ভাঙবে না, পানিতে ভিজবে না এমনকি কখনো হ্যাকও হবে না। শক্তিশালী ও নিরাপদ এই স্মার্টফোন হচ্ছে, ‘টিউরিং ফোন’। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক টুরিং রোবোটিক্স ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে এই স্মার্টফোন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এ বছরের জুলাইয়ে এই ফোনের ঘোষণা করেছিল নির্মাতারা। আগামী ১৮ ডিসেম্বর ফোনগুলো বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।
১৬ জিবি টিউরিং ফোনের দাম পড়বে ৬১০ মার্কিন ডলার, ৬৪ জিবি টিউরিং ফোনের দাম পড়বে ৭৪০ মার্কিন ডলার এবং ১২৮ জিবি টিউরিং ফোনের দাম পড়বে ৮৭০ মার্কিন ডিলার। এই ফোনগুলোতে কোনো ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক নেই।
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফোন হ্যাক করা যাবে না। কারণ এই ফোনে থাকা সব অ্যাপ্লিকেশন ইন্ড টু ইন্ড এনক্রিপশনের মাধ্যমে তৈরি করা হয়েছে।
এটা ভাঙা যাবে না কারণ এটি বানানো হয়েছে ‘লিকুয়িডমরফিয়াম’ নামের এক বস্তু দিয়ে, যা স্টিল এবং অ্যালুমিনিয়ামের চেয়েও বেশি শক্তিশালী।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, লিকুয়িডমরফিয়াম আগামী দিনের স্মার্টফোনের বডি বানানোর প্রযুক্তি পাল্টে দেবে।
স্মার্টফোনটিতে পানি ঢুকতে পারবে না, কারণ এর ভেতরে রয়েছে ন্যানো-কোটিং। ফোনটির ভেতরে কোনো রাবার ব্যবহার করা হয়নি এবং এটি পুরোপুরি খুলে ফেলা যাবে।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত টুরিং ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, ২.৫ গিগাহার্জ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০১ এসওসি প্রসেসর, ৩ জিবি র্যাম, ডুয়েল এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ এমএএইচের নন রিমুভাল ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রভৃতি আধুনিক ফিচার।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, এনএফসি, ব্লুটুথ ৪.০ এলই।
এমকে





