পাখিদের আওয়াজ ডিকোড করার জন্য অত্যাধুনিক ডিকোডার সফটওয়্যার তৈরি করেছেন গবেষকরা। সফটয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পাখির আওয়াজ চিহ্নিত করতে পারবে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাখিদের সম্মিলিত গুঞ্জন কী প্রকাশ করে সে প্রশ্নের উত্তর পেতে সফটওয়্যারটি বিশেষ ভূমিকা রাখবে।
বিবিসির তথ্য অনুসারে, সফটওয়্যারটি প্রতিটি পাখির ভোরের দিকে করা আওয়াজ রেকর্ড করে প্রতিটি আওয়াজেরই বৈশিষ্ট্য চিহ্নিত করে। এই প্রসঙ্গে গবেষক দলের প্রধান ডক্টর ড্যান স্টোয়েল জানিয়েছেন, তালিকাভুক্ত পাখির ডাকের রেকর্ডিংয়ের উপর ভিত্তি করে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
এই স্বয়ংক্রিয় কৌশলটি ‘ফিচার-লার্নিং’ নামে পরিচিত এবং এটি শ্রেণীভুক্ত অ্যালগোরিদমের পাশপাশি ব্যবহার হয় বলেই জানিয়েছে বিবিসি। এই প্রক্রিয়ায় কয়েক হাজার পাখির আওয়াজ বিশ্লেষণ করা হয়েছে। এসব আওয়াজ সংগ্রহের জন্য ব্রিটিশ লাইব্রেরির সাউন্ড আর্কাইভ ও পাঁচশ’রও বেশি ব্রাজিলিয়ান পাখির রেকর্ডিংয়ের সাহায্য নেয়া হয়েছে।
এই বিষয়ে ডক্টর স্টোয়েল বলেছেন, “পাখির গান খুব জটিল একটা বিষয়। শুনতে একই রকম হওয়ায় সবচেয়ে সহজ আওয়াজটির মানে উদ্ধার করাও অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়।”
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





