অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি বন্ধুদের দেয়া সম্মাননার ক্রেস্টের সোনা জালিয়াতির কিছু তথ্য উপাত্ত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়েছে সরকারি আমলারা।

গত ২২ জুন মন্ত্রণালয় থেকে পাঠানো নথিপত্রের প্যাকেট দুদকের অনুসন্ধানী কর্মকর্তার দফতরে পৌঁছেছে বলে জানা গেছে। তবে প্রাপ্ত এসব নথিপত্র পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনে দুদকের অনুসন্ধানী টিম আবার নথিপত্র চাইবে। কারণ দুদকের চাহিদা মোতাবেক সব তথ্য উপাত্ত পেয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হতে পারেননি দুদক কর্মকর্তারা।

এদিকে গত ১৯ জুন অনলাইন দৈনিক ‘টাইমনিউজবিডি.কম এ’ ক্রেস্টের সোনা জালিয়াতির তথ্য দিচ্ছে না মন্ত্রণালয়: এবং দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় সাবেক প্রতিমন্ত্রী ও ডজন খানিক আমলা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নিয়ে সংশ্লিষ্ট মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়। পরে ২২ জুন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে কিছু নথিপত্র দুদকে পাঠানো হয় বলে জানা যায়।

জানা যায়, গত ১২ জুন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এবং সহকারি পরিচালক শেখ আব্দুস সালামের পাঠানো চিঠিতে ১৯ জুনের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে চাহিদা মোতাবেক তথ্য উপাত্ত সরবরাহের অনুরোধ জানানো হয়।

চাহিদা পত্রের মধ্যে রয়েছে, বিদেশী বন্ধুদের সম্মাননা প্রদান সংক্রান্ত বৈঠকের সিদ্ধান্ত, জাতীয় কমিটির সভার এজেন্ডা, রেজুলেশন, ক্রেস্ট তৈরির দরপত্র, দরপত্র মূল্যায়ণ সভার রেজুলেশন,  ক্রেস্ট সরবরাহকারী দুই প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান, ক্রেস্টের মান ও পরিমাণ যাচাই সংক্রান্ত প্রতিবেদন, হিসাব ও বিল পরিশোধ সংক্রান্ত  রেকর্ড-পত্র রয়েছে।

সূত্র মতে,  দুদকের অনুসন্ধানী টিম এবার প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা পর সরকারের সাবেক ও বর্তমান মন্ত্রী,এমপি আমলা এবং সাড়ে ৭ কোটি টাকার ক্রেস্টের সোনা জালিয়াতির ঠিকারদারদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করবেন।

ইতোমধ্যে দুদক একটি খসড়া তালিকা তৈরি করেছে। আর ওই তালিকায়  রয়েছেন, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম, সাবেক সচিব মোঃ মিজানুর রহমান, বর্তমান সচিব কে.এইচ. মাসুদ সিদ্দিকী,  সম্মাননা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব (ওএসডি) গোলাম মোস্তফা,

যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার, মজিবুর রহমান মামুন, সিনিয়র সহকারি সচিব মোঃ বাবুল মিঞা, ক্রেস্ট সরবরাহকারী এমিকনের মালিক দাউদ আহমেদ নাজিম, মেসার্স মহসিন হাসানের মালিক মহসিন হাসান এবং ক্রেস্টের মাণ ও পরিমাণ নির্ণয় ও প্রত্যয়নকারী তিন কর্মকর্তার নাম রয়েছে।

ঢাকা, একে, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর