সকল আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে খুব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটি। নতুন পুরাতনের সমন্বয়ে গঠন করা হচ্ছে ক্ষমতাসীনদের এই গুরুত্বপূর্ণ শাখা। কমিটি ঘোষণার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকা মহানগরের বর্তমান নেতৃবৃন্দ। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেয়া হবে কোন তারিখে ঘোষণা করা হবে নতুন কমিটি।

ঢাকা মহানগর কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে অসস্থিতে ছিল দলের হাইকমান্ড। অবশেষে চলতি মাসেই (সেপ্টেম্বর) সিদ্ধান্ত হতে যাচ্ছে কমিটি ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ। কমিটি ঘোষণার সংবাদ পেয়ে প্রাণ চাঞ্চল্য ফিরে পাচ্ছেন নগর নেতৃবৃন্দ। বর্তমানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এখন একটাই প্রশ্ন কে হতে যাচ্ছেন তাদের নেতা।

আওয়ামী লীগের দ্বায়িত্বশীল সূত্রে জানাগেছে, দ্বি-খন্ডিত (উত্তর-দক্ষিণ) ঢাকা মহনগরের দক্ষিণের দ্বায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সৎ, ত্যাগী ও পরিশ্রমী নেতা এম এ আজিজ।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের সুযোগ্যে পুত্র, তরুন নেতা , কর্মীবান্ধব ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের নগর সভাপতির দায়িত্ব পাচ্ছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহ। সাধারণ সম্পাদক হচ্ছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: আসলামুল হক আসলাম।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে সাম্ভব্য আরও ২ জনের নাম জানাগেছে, দক্ষিণে সাধারণ সম্পাদক পদে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ পথের লড়াকু সৈনিক শাহে আলম মুরাদ। উত্তরে সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগরের একাধিক নেতা টাইমনিউজবিডি.কমকে বলেন,খুব শিগগিরই ঢাকা মহানগরের যে কমিটি ঘোষণা হবে। সেখানে কেবল মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ঢাকা মহানগরের কেন্দ্রীয়, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি আগামী ডিসেম্বর মাসে ঘোষণা করা হবে।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া টাইমনিউজবিডি.কমকে বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিদেশে ছিলেন। উনি (মায়া) দেশে ফিরেছেন। ২-১ দিনের মধ্যে আমরা একটি বৈঠকে বসবো। ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে ঢাকা মহানগর কমিটি কোন দিন ঘোষণা করা হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ টাইমনিউজবিডি.কমকে বলেন, আগামী সপ্তাহে আমরা (ঢাকা মহানগর নেতৃবৃন্দ) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবো। সেই বৈঠকেই কমিটি ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন প্রধানমন্ত্রী। কমিটিতে কে বা কারা নেতৃত্ব পাবেন তা ঠিক করবেন আওয়ামী লীগ সভাপতি ও গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সৎ, ত্যাগী, সফল নেতৃত্ব, যোগ্য ও কর্মীবান্ধব নেতাদের হাতেই সভানেত্রী নগরের নেতৃত্ব তুলে দিবেন বলে আমরা বিশ্বাস করি।

ঢাকা, এমআর, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসআর