বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটের উন্নয়নের নিয়ে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই আলোচনায় চারদিক সরগরম থাকতেই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব।
সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টার পর হযরত শাহজালাল (র:) বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা দায়িত্বে থাকা ওয়াসিম খান।
তিনি জানান, সাকিব একাই ফিরেছেন। পরিবারের কাউকে সঙ্গে আনেননি।
সাম্প্রতিক সব ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু সবার চোখের আড়াল হয়ে রাত আড়াইটার পর বিমানবন্দর ত্যাগ করেছেন সাকিব। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এ খবর জানান।
গত ফেব্রুয়ারিতে মাকে নিয়ে আমেরিকা গেলেও, সাকিব এবার ফিরেছেন একাই।
উল্লেখ্য, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ২১ ফেব্রুয়ারি মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। যে কারণে নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম সরিয়ে নেন। গত ১৬ মার্চ বাংলাদেশ সময় ভোরে সাকিব-শিশির দম্পতির ঘরে আলো করে আসে তাদের তৃতীয় সন্তান। সে হিসেবে নবজাতকের বয়স সাতদিন মাত্র। ফুটফুটে ছেলেকে ছেড়েই এবার দেশে ফিরলেন সাকিব।
এমবি





