গতকাল রাতে এল সার্দিনেরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে বক্সের মধ্যে ফাউল করেছিলেন মাত্তেও প্রাতি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে চলতি লিগে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে যান এমবাপ্পে।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। আর্দা গুলের দারুণ এক পাস ধরে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। ৩৬ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ান দিয়োমান্দে। কর্নার থেকে ফিরে আসা বলে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন আইভরিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধেই তিন গোলের ব্যবধান গড়ে ফেলার পর দ্বিতীয়ার্ধে কিছুটা গতি কমায় রিয়াল। তবে গোলের সুযোগ তৈরি করেছে তারা। এমবাপ্পের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। পরে বেলিংহাম আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে পেনাল্টির সুযোগ পেয়েছিল রেসিংও। অরেলিয়েন চুয়ামেনির হাতে বল লাগার অভিযোগে পেনাল্টি দেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলানো হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩০, অ্যাটলেটিকো মাদ্রিদের ২৮। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রেসিং সান্তান্দার।

এমএম