আগামীকাল মঙ্গলবার ( ০৩ আগস্ট ) শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ম্যাথু ওয়েড।

অস্ট্রেলিয়া দলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি ।

এদিকে অধিনায়কের নাম ঘোষণা না করেই সিরিজ খেলতে ২৯ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখে টিম অস্ট্রেলিয়া।

কিন্তু সিরিজ শুরুর আগের দিন, অর্থাৎ আজ দলের অধিনায়কের নাম ঘোষনা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৫ ম্যাচের সিরিজে দলের অধিনায়কত্ব পেলেন ওয়েড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএ।

দলটির নিয়মিত সহ-অধিনায়ক প্যাট কামিন্সসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এতে বাংলাদেশের বিপক্ষে দলের দায়িত্ব পেলেন ওয়েড।

অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। গেল বছর ফিঞ্চের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ১ টি ম্যাচে অধিনায়ক ছিলেন ওয়েড। সেটিতে তার দল হেরেছিলো।

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

পরবর্তী ৪ টি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে

অস্ট্রেলিয়া স্কোয়াড :

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন আগার, ওয়েস আগার, জেসন বেহরেনডর্ফ, জশ হ্যাজলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্র টাই ও এডাম জাম্পা। 

বাংলাদেশ স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম। তথ্যসূত্র : বাসস।

এইচএন