ভাষা সৈনিক, বর্ষীয়ান রাজনীতিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার (২০ মার্চ)।

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবা-মা-ভাইসহ সবাইকে হারানোর পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানই ছিলেন বঙ্গবন্ধু পরিবারের অঘোষিত অভিভাবক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানতম সহকর্মী হয়ে যে কয়েকজন কীর্তিমান পুরুষ ভাষা আন্দোলন ও স্বাধীনতা আর মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম। একজন স্বেচ্ছাসেবক হয়ে রাজনৈতিক জীবন শুরু করে দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক পথচলায় দেশের ১৯তম রাষ্টপতি হয়েছিলেন তিনি। জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর আগে ভিন্ন ভিন্ন সময়ে তিনি ৫ মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কীর্তিমান পুরুষ জিল্লুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়াও জিল্লুর রহমানের পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

এদিকে জিল্লুর রহমান স্মৃতি পরিষদ ও জনতার প্রত্যাশা এর যৌথ উদ্যোগে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ১০ টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিলে মিলনায়তনে আলোচনা স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

স্মরণ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া জিল্লুর রহমানের গ্রামের বাড়ি ভৈরবের বিভিন্ন স্থানে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এমআর/কেএইচ