কারাগারে পাঠানো দুই নেতা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর।
এর আগে এক দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী আব্দুল রহমান মঙ্গলবার জামিন শুনানির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ওই দিন শুনানির তারিখ নির্ধারণ করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলা করেন।
পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গত ৩০ আগস্ট আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাব্বির হোসেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান।
সেদিন রাতে বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর এলাকা থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন তিনি। পরে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন।
অভিযোগে বলা হয়, মাইক্রোবাস থেকে নামার পর আসামিরা তাদের ঘিরে ধরেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের কাছে বোমা রয়েছে—এমন অভিযোগ তুলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আসামিরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।
এস