উদ্ধার হওয়া তিন শিশুর মধ্যে আলিবার বয়স ৮ বছর, ইভার ৫ বছর এবং মুনিয়ার বয়স মাত্র ৩ মাস। শিশুদের ভাষ্য অনুযায়ী, তাদের বাবা বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে শিশুদের মা মুক্তিরবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া ওঠেন। বাড়িটির মালিক তোরাব আলী। তবে তিন দিন আগে তিনি সন্তানদের রেখে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর থেকেই তিন শিশু একা অবস্থায় ছিল। মায়ের বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কালিন্দী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাড়ি ফেরার পথে তিনি মুক্তিরবাগ এলাকায় শিশুদের দেখতে পান। একটি শিশুকে কোলে নিয়ে অন্য দুই শিশু রাস্তায় কান্না করছিল। পরে স্থানীয়দের সহায়তায় তিন শিশুকে নিরাপদ স্থানে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
শিশুদের উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয়দের অনেকে থানায় ভিড় করেন। বিশেষ করে মাত্র তিন মাস বয়সী শিশুটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে শিশুরা ঠিকমতো খাবারও পাচ্ছিল না। সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র তিন মাস হওয়ায় তার খাবার, চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বাবা কারাগারে এবং মায়ের অনুপস্থিতিতে তিন শিশুর তাৎক্ষণিক অভিভাবকত্ব নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস জানান, বড় দুই শিশুর জন্য সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিন মাস বয়সী শিশুটির জন্যও সাময়িক নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
শিশুদের মায়ের অবস্থান ও তাদের দীর্ঘমেয়াদি অভিভাবকত্বের বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এস