বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি কিশোর গ্যাং। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এলাকায় বিচরণ করছে। এখনই মাদক নিয়ন্ত্রণ করা না গেলে এর বিস্তার আরও বাড়বে। সময়মতো ব্যবস্থা না নিলে সমাজে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে।
মাদক নির্মূলকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে টুকু বলেন, প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে টিম গঠন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মাদক কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে তিনি বলেন, তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এগুলোকে দ্রুত নিয়ন্ত্রণ ও লাইসেন্সের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন টুকু। তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও এগিয়ে নেওয়া সম্ভব।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি থাকলে তাকে জানানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করবেন। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় মাদক বিক্রি, কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনের বিষয়েও আলোচনা হয়।
সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান সংসদ সদস্যরা।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় ঢাকা জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস