সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের পর ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সূচিতেও পরিবর্তন আসবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ তিনি দেখছেন না।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমাদের কাছে নেই।’

তিনি আরও বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের আমরা পর্যাপ্ত সময় দিয়েছি। প্রায় এক বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। ক্লাস করা ও পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের যথেষ্ট সময় এবং সুযোগ রয়েছে। তাই এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছি না।’

চীন সফর শেষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

এনএইচ