রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টিভেট খাত সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে কারিগরি ও টিভেট সেক্টরে চীনের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্যেই কারিগরি শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে সম্প্রতি চীন সফর করা হয়েছে।

‘ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ’ মডেল অনুসরণের পরিকল্পনা

চীনের বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশ থেকে দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিতে আগ্রহী বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, চীন সফরকালে দেশটির শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ’ মডেল পর্যবেক্ষণ করা হয়েছে। বাংলাদেশও এই কার্যকর মডেল অনুসরণের পরিকল্পনা করছে।

এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ, স্টুডেন্ট এক্সচেঞ্জ, টিচার এক্সচেঞ্জ এবং ভাষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

কম খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, বাংলাদেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায়ও কম ব্যয়ে চীনে মানসম্মত শিক্ষা গ্রহণ করা সম্ভব।

এ ছাড়া চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের সুযোগও দিচ্ছে বলে জানান তিনি।

শিক্ষা সহযোগিতার অংশ হিসেবে চীনের যৌথ অংশীদারত্বে বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আধুনিক মডেলে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তার মতে, এর মাধ্যমে দ্রুত সার্টিফিকেট, ট্রেনিং ও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানো সহজ হবে।

ভিসা জটিলতা কমানোর উদ্যোগ

ভিসা প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চীন থেকে আসা ভাষা শিক্ষকদের ভিসা প্রক্রিয়ায় আগে কিছু জটিলতা ছিল। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিষয়টি আরও সহজীকরণের আশ্বাস পাওয়া গেছে।

তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনার পর একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্য হিসেবে তিনি বলেন, শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া এখন সহজ করা হয়েছে এবং যাতায়াতের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় শিক্ষা খাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে কাজ এগিয়ে নিতে ভবিষ্যতে আবারও চীন সফরের পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ কর্মমুখী বিভিন্ন কার্যক্রম শুরু হবে।

এস