মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ সময় কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে সুকৌশলে শিক্ষার্থীর দাখিল পাসের তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়া অনলাইনে ভর্তির আবেদন করে থাকে।
এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাদের প্যানেল বা সার্ভার বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাঠদানও স্থগিত করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এমএম