অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪ কোনো রাজনৈতিক সংগঠন নয়। দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ছাত্রদল ও ছাত্রশিবির ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের যোদ্ধারা বেঁচে থাকতে কোনোভাবেই ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।” পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার অনৈক্যকে ছাত্ররাজনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, “চাঁদাবাজি আগেও হতো, এখনও হয়; আগে করত অনার্স পাস, এখন করে এইট পাস।” শিক্ষাঙ্গনে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি এ ধরনের মুক্ত আলোচনা ও গোলটেবিল বৈঠকের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত রাকসুর ভিপি বলেন, “আমি বুঝি না কেন আমাদের মধ্যে এত অনৈক্য তৈরি হয়েছে। জুলাইয়ে তো আমরা একসঙ্গেই ছিলাম।” তিনি শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা, চাঁদাবাজি ও বিভাজনের রাজনীতি পরিহার করে শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এনএইচ