শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে মেঘের গর্জন চলে। তবে এদিন সরকারি ছুটি হওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল কিছুটা কম। আবার প্রস্তুতি না থাকায় অনেককে বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে।
এর আগে, সকাল থেকে মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। কিছু সময়ের জন্য রোদ উঠলেও তীব্রতা ছিল কম। তবে দুপুরেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
সকালে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এনএইচ