বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে অত্যন্ত কঠোর হতে হবে, আর শিষ্টের প্রতি হতে হবে ন্যায়সঙ্গত ও মানবিক।
আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন রাষ্ট্রপতি। পাশাপাশি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার রোধ, সাইবার অপরাধ দমন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার প্রতিরোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা এবং ব্যাপক জনসচেতনতা তৈরিতে প্রচারণার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
এ সময় বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশ দেন।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় করা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন আইজিপি। এ সময় রাষ্ট্রপতিও বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এস